{{ news.section.title }}
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী লিমনের মরদেহ উদ্ধার, যেভাবে গ্রেফতার হন সন্দেহভাজন হিশাম
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিখোঁজের কয়েক দিন পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার সাবেক রুমমেট হিশাম সালেহ আবুঘরবেহকে গ্রেফতার করা হয়েছে। তবে লিমনের সঙ্গে নিখোঁজ হওয়া আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির খোঁজ এখনও মেলেনি।
স্থানীয় সময় শুক্রবার, ২৪ এপ্রিল সকালে হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ এলাকা থেকে লিমনের মরদেহ উদ্ধার করে হিলসবোরো কাউন্টি শেরিফের কার্যালয়। পরে কর্তৃপক্ষ নিশ্চিত করে, মরদেহটি ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের। ময়নাতদন্তের মাধ্যমে মৃত্যুর কারণ নির্ধারণ করা হবে।
হিলসবোরো কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, লিমনের মৃত্যুর ঘটনায় ২৬ বছর বয়সী হিশাম সালেহ আবুঘরবেহকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে প্রমাণ নষ্ট করা, মৃত্যু না জানানো, মরদেহ সরানো বা লুকানোর মতো অভিযোগ আনা হয়েছে। তবে তদন্ত চলমান থাকায় আদালতে অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত তিনি সন্দেহভাজন।
লিমনের মরদেহ উদ্ধারের কয়েক ঘণ্টা পর ইউএসএফ ক্যাম্পাসের কাছের লেক ফরেস্ট এলাকায় একটি বাসা থেকে পারিবারিক সহিংসতার ফোনকল পায় পুলিশ। ওই বাসাটিই হিশামের পরিবারের বাড়ি বলে স্থানীয় সূত্রে জানা যায়। পুলিশ ঘটনাস্থলে গেলে তিনি দরজা বন্ধ করে আত্মসমর্পণে অস্বীকৃতি জানান।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশের বিশেষায়িত সোয়াট টিম ঘটনাস্থলে যায়। পরে দীর্ঘ সময়ের টানটান পরিস্থিতির পর হিশাম ঘর থেকে বেরিয়ে এসে আত্মসমর্পণ করেন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, তিনি তোয়ালে জড়ানো অবস্থায় হাত উঁচু করে বাড়ি থেকে বেরিয়ে আসছেন। পরে সশস্ত্র পুলিশ সদস্যরা তাকে হেফাজতে নেয়।
এদিকে নাহিদা সুলতানা বৃষ্টির সন্ধানে অভিযান অব্যাহত রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ জানিয়েছে, লিমন ও বৃষ্টি দুজনই বাংলাদেশি এবং ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার শিক্ষার্থী। তারা ১৬ এপ্রিল সর্বশেষ আলাদাভাবে দেখা গিয়েছিলেন। পরদিন তাদের নিখোঁজের খবর জানানো হয়।
পরিবার ও পরিচিতদের ভাষ্য অনুযায়ী, দুজনের ফোন বন্ধ পাওয়া যাচ্ছিল এবং তাদের আচরণ স্বাভাবিক ছিল না। এ কারণে শুরু থেকেই ঘটনাটিকে উদ্বেগজনক হিসেবে দেখছিল পুলিশ।
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীদের এই নিখোঁজ ও মৃত্যুর ঘটনায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। তদন্তকারীরা লিমনের মৃত্যুর কারণ, হিশামের ভূমিকা এবং বৃষ্টির অবস্থান জানতে কাজ করছে।