{{ news.section.title }}
পাকিস্তান প্রধানমন্ত্রী যাচ্ছেন সৌদি, কাতার ও তুরস্কে সফরে
মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সংলাপ এগিয়ে নিতে কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছেন শেহবাজ শরিফ। এই লক্ষ্য সামনে রেখে তিনি চলতি সপ্তাহে একাধিক গুরুত্বপূর্ণ দেশ সফরে যাচ্ছেন।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ১৫ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত এই সফরসূচিতে রয়েছে সৌদি আরব, কাতার এবং তুরস্ক। সফরের মূল উদ্দেশ্য দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার পাশাপাশি আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা ইস্যুতে সমন্বয় বাড়ানো।
সাম্প্রতিক প্রেক্ষাপটে এই সফরের গুরুত্ব বেড়েছে। কারণ, ইসলামাবাদ–এ অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-ইরান সংলাপের প্রথম দফা কোনো চূড়ান্ত সমঝোতা ছাড়াই শেষ হয়েছে। এখন আগামী ২২ এপ্রিলের মধ্যে শেষ হতে যাওয়া অস্থায়ী যুদ্ধবিরতির আগেই দ্বিতীয় দফা আলোচনা আয়োজনের চেষ্টা করছে ইসলামাবাদ।
আরো পড়ুন : আলোচনায় ফিরতে ইরানকে ২ শর্ত দিল যুক্তরাষ্ট্র
কূটনৈতিক সূত্রগুলো বলছে, সৌদি আরব ও কাতার সফরের সময় শেহবাজ শরিফ সংশ্লিষ্ট দেশের শীর্ষ নেতৃত্বের সঙ্গে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি, জ্বালানি নিরাপত্তা এবং সম্ভাব্য শান্তি উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা করবেন। এ দুই দেশই আঞ্চলিক রাজনীতিতে প্রভাবশালী হওয়ায় তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
আরো পড়ুন : ইরান যুদ্ধ ইস্যুতে তুরস্ক–পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের ফোনালাপ
অন্যদিকে, তুরস্ক সফরের সময় তিনি আন্টালিয়া কূটনীতি ফোরাম–এর পঞ্চম আসরে অংশ নেবেন। সেখানে রিসেপ তাইয়্যেপ এরদোয়ান–এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পাশাপাশি বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন।