চাঁদার দাবিতে প্রবাসীর পরিবারের ওপর যুবদলের হামলার অভিযোগ

চাঁদার দাবিতে প্রবাসীর পরিবারের ওপর যুবদলের হামলার অভিযোগ
ছবির ক্যাপশান, চাঁদার দাবিতে প্রবাসীর পরিবারের ওপর যুবদলের হামলার অভিযোগ

কুমিল্লার লালমাই উপজেলায় চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে এক প্রবাসীর পরিবারের ওপর হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। একই ঘটনায় আটক এক যুবদল কর্মীকে স্থানীয় নেতাকর্মীরা ছিনিয়ে নিয়েছেন বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের হরিশ্চর বাজারের হাজী আনোয়ার হোসেন নিউমার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

 

স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, কাতারপ্রবাসী মিজানুর রহমান নিজের জমিতে একটি বাণিজ্যিক মার্কেট নির্মাণ করছিলেন। এ সময় স্থানীয় যুবদল কর্মী মফিজুল ইসলাম সেখানে গিয়ে নির্মাণসামগ্রী সরবরাহের কাজ দেওয়ার জন্য চাপ দেন। তার প্রস্তাব প্রত্যাখ্যান করা হলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে শ্রমিকরা মফিজুলকে আটক করে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেন।

 

খবর পেয়ে স্থানীয় যুবদলের প্রচার সম্পাদক মিহন উদ্দিন ও রনিসহ ১০ থেকে ১২ জন নেতাকর্মী ঘটনাস্থলে যান। অভিযোগ রয়েছে, তারা আটক মফিজুলকে ছিনিয়ে নেওয়ার পাশাপাশি প্রবাসী পরিবারের সদস্যদের ওপর হামলা চালান। এ সময় মার্কেটের অফিসে ভাঙচুর করা হয় এবং নগদ টাকা, আইফোনসহ মালামাল লুট করা হয় বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।

 

আহত প্রবাসীর ভাই ফারুক হোসেন বলেন, হামলাকারীরা তাকে মারধর করেন এবং অফিসের ভেতরে ভাঙচুর চালান। বাধা দিতে গেলে আরও কয়েকজন আহত হন। পরে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

 

লালমাই উপজেলা যুবদলের আহ্বায়ক জাবেদ হোসেন বলেন, ঘটনাটি সম্পর্কে তারা অবগত হয়েছেন। দলীয় পরিচয় ব্যবহার করে কেউ অপরাধ করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

লালমাই থানার উপপরিদর্শক (এসআই) আবু তাহের বলেন, চাঁদা দাবির অভিযোগে একজনকে আটকের পর পাল্টা হামলা ও ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


সম্পর্কিত নিউজ