ডুয়েটে ভিসি নিয়োগ ঘিরে সংঘর্ষ, পুলিশসহ আহত ২৫

ডুয়েটে ভিসি নিয়োগ ঘিরে সংঘর্ষ, পুলিশসহ আহত ২৫
ছবির ক্যাপশান, ডুয়েটে ভিসি নিয়োগ ঘিরে সংঘর্ষ, পুলিশসহ আহত ২৫

গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) নতুন ভাইস চ্যান্সেলর নিয়োগকে কেন্দ্র করে শিক্ষার্থী ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাঁচ পুলিশ সদস্যসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। রোববার (১৭ মে) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার এলাকায় দফায় দফায় উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটে।

সরকার সম্প্রতি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালকে ডুয়েটের নতুন ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ দেয়। নিয়োগের প্রজ্ঞাপন প্রকাশের পরপরই বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের একটি অংশ এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আন্দোলনে নামে।

 

শিক্ষার্থীরা দাবি করছেন, ডুয়েটের ভাইস চ্যান্সেলর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ শিক্ষকদের মধ্য থেকেই নিয়োগ দিতে হবে। তাদের মতে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা, শিক্ষার্থীদের বাস্তবতা, একাডেমিক পরিবেশ এবং প্রশাসনিক চ্যালেঞ্জ সম্পর্কে ডুয়েটের নিজস্ব শিক্ষকদের অভিজ্ঞতা ও ধারণা বেশি। ফলে বিশ্ববিদ্যালয়ের দীর্ঘমেয়াদী উন্নয়ন এবং কার্যকর প্রশাসনের জন্য অভ্যন্তরীণ শিক্ষক থেকে উপাচার্য নিয়োগ প্রয়োজন।

 

এই দাবিতে গত বৃহস্পতিবার রাত থেকেই ক্যাম্পাসে বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। এরই ধারাবাহিকতায় রোববার সকালে শিক্ষার্থীরা “লাল কার্ড” কর্মসূচির ডাক দেয়। সকাল থেকে শিক্ষার্থীরা শহীদ মিনার এলাকায় জড়ো হতে শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, একপর্যায়ে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে ক্যাম্পাসজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে পাঁচ পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হন বলে জানা গেছে। পরে আরও কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া যায়।

 

শিক্ষার্থীদের অভিযোগ, বহিরাগত কিছু ব্যক্তি ক্যাম্পাসে প্রবেশ করে তাদের ওপর হামলা চালিয়েছে। এতে অন্তত ১০ শিক্ষার্থী আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে দাবি করেছেন আন্দোলনকারীরা।

 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে দেখা গেছে, সংঘর্ষের সময় শিক্ষার্থীদের দৌড়াদৌড়ি, ইটপাটকেল নিক্ষেপ এবং আহত অবস্থায় কয়েকজনকে সরিয়ে নিতে দেখা যাচ্ছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

 

গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কাজ করছে। ইটপাটকেলের আঘাতে পুলিশের পাঁচ সদস্য আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানান তিনি।
 


সম্পর্কিত নিউজ